ক্যাম্পাস
এক মাস পর খুললো বাকৃবি, রবিবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু
এক মাস তিন দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব আবাসিক হল। শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলাসহ অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাতেই ক্লাস-পরীক্ষা স্থগিত করে ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
সংকটের সূত্রপাত ঘটে ভেটেরিনারি অনুষদ ও পশু পালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে। সেদিন সারাদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ ২৫১ শিক্ষক-কর্মকর্তাকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখেন।
পরে সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের পাশ থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ বহিরাগত দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন।
পরবর্তীতে সংকট নিরসনে একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি। সবশেষ প্রক্টর ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ। চুক্তিতে বলা হয়— বাকৃবিতে ৩ ডিগ্রি চালু করা হবে, তদন্ত কমিটিতে কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হবে না এবং আন্দোলন প্রত্যাহার করা হবে। এর ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী বলেন, “আগামী রবিবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে। আবারও পুরোদমে শিক্ষা কার্যক্রম চালু হবে।”