ক্যাম্পাস
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কোরআন বিতরণে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় প্রতিবাদের অনন্য উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ নামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজনে অংশ নিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিড় জমাতে থাকেন। পবিত্র কোরআন গ্রহণের জন্য দীর্ঘ লাইন দেখা যায় ক্যাম্পাসের প্রবেশপথে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পবিত্র কোরআনের শিক্ষা ও শান্তির বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো।
একজন আয়োজক শিক্ষার্থী বলেন, “কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনই সহনীয় নয়। আমরা কোনো সংঘাত নয়, বরং ইতিবাচক ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানাতে চাই। তাই কোরআন বিতরণের মাধ্যমে ইসলামের মানবিক বার্তা সবাইকে জানানোই আমাদের উদ্দেশ্য।”
এর আগে, বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী অপূর্ব পাল–এর বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
গত শনিবার অভিযুক্ত শিক্ষার্থীকে কোরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পান। পরে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আচরণের মাধ্যমে ক্যাম্পাসে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখেন।
ঘটনার পর রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় মামলা করবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘটনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তারা কোনো উসকানিতে না গিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে শিক্ষাঙ্গনের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন।
এদিকে, বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা বলেন, এটি শুধু প্রতিবাদ নয়, বরং মানবতা, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করে।