ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আগামী ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে এই সমাবর্তন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথমবারের মতো সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ থেকে ১২তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। যেসব শিক্ষার্থীর অনার্স অথবা অনার্স-মাস্টার্স উভয়ই সম্পন্ন হয়েছে, তারা এ আয়োজনে অংশ নিতে পারবেন।

bru1_Dhakaprokash.jpg

তিনি আরও বলেন, সমাবর্তনের সফল আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান, বেরোবির ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নীতিমালা সংশোধন করে তা মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়াও তিনি জানান, চলতি মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে। বছরের মধ্যেই পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম জানান, সমাবর্তনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ১২ অক্টোবর, যা বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।