ক্যাম্পাস

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে নতুন এক মাইলফলক স্থাপন করেছে বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা র‌্যাঙ্কিং সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এর তালিকায় বাংলাদেশের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে ডিআইইউ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এই বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। এর মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয় সরাসরি র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে, আর বাকি ৯টি ‘রিপোর্টার’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তবে সব বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০০-এর পরের স্তরে রয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের ৮০১-১০০০ পরিসরে অবস্থান করেছে। বিশেষভাবে প্রশংসনীয় বিষয় হলো, ‘গবেষণার মান’ (Research Quality) সূচকে বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী ২৯২তম স্থান অর্জন করেছে—যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

এই বছর ডিআইইউ সকল মূল্যায়ন সূচকে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে। টাইমস হায়ার এডুকেশন যে পাঁচটি মূল মানদণ্ডে মূল্যায়ন করে—শিক্ষাদানের উৎকর্ষতা, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্পসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—তার প্রতিটিতেই বিশ্ববিদ্যালয়টির কর্মক্ষমতা প্রশংসনীয়।

ডিআইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীদের সম্মিলিত পরিশ্রম ও নিষ্ঠার ফল। তাঁদের অবদান বিশ্ববিদ্যালয়টিকে বৈশ্বিক একাডেমিক মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গবেষণার উৎকর্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক টেকসই সমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে তারা বদ্ধপরিকর।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বজুড়ে অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় মূল্যায়ন ব্যবস্থা, যা বিশ্বের ২,১৯১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুলনামূলক মান যাচাই করে এই তালিকা তৈরি করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধারাবাহিক এই সাফল্য দেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

র‌্যাঙ্কিংয়ের পূর্ণ তালিকা দেখতে এখানে ক্লিক করুন