ক্যাম্পাস
ঢাবি চারুকলার বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শরৎ উৎসব ১৪৩২’। অনুষ্ঠানটির আয়োজনে থাকছে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ দেশের শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের ধারক ও বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই অনুষদ শুধুমাত্র শিল্পচর্চার কেন্দ্র নয়, বরং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানকে শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের প্রচার ও বিকাশে অনুপ্রাণিত করে আসছে। এরই ধারাবাহিকতায় চারুকলা অনুষদ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে তাদের প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দিয়ে থাকে।
প্রথমদিকে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব পালনের জন্য বকুলতলা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিল। প্রাথমিকভাবে অনুষদ কর্তৃপক্ষ তাদের আবেদন অনুমোদনও দেয়। তবে পরবর্তীতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
গত ৯ অক্টোবর, ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ কর্তৃক সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে ফ্যাসিবাদপন্থী ব্যক্তিদের সংশ্লিষ্টতা সংক্রান্ত লিখিত অভিযোগ চারুকলা অনুষদে দাখিল করা হয়। অভিযোগের সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডের ছবি, তথ্য ও প্রমাণাদি জমা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযোগের প্রেক্ষিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চারুকলা কর্তৃপক্ষ অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করে।
পরে ১১ অক্টোবর সকাল ১১টায়, চারুকলা অনুষদের ডিনের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযোগ ও প্রমাণাদি যাচাই-বাছাই করা হয়। অনুসন্ধানে দেখা যায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনুষ্ঠানের অনুমতি নিতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিল এবং বিগত ফ্যাসিবাদী সরকারের ঘনিষ্ঠ সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা ছিল। এসব বিবেচনায় তাদের দেওয়া অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে চারুকলা অনুষদ জানিয়েছে, ঋতুভিত্তিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে শরৎ উৎসব আয়োজন বন্ধ থাকবে না। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে, চারুকলা অনুষদের তত্ত্বাবধানে এবং সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় বকুলতলায় ‘শরৎ উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হবে।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিতর্কিত সংশ্লিষ্টতার অভিযোগে তাদের শরৎ উৎসব আয়োজনের অনুমতি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তবে বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী শরৎ উৎসব ১৬ অক্টোবর বিকেলে বকুলতলায় আয়োজন করবে।