ক্যাম্পাস

আপত্তিকর মন্তব্যে মধ্যরাতে উত্তাল বুয়েট, ঢাবি শিক্ষার্থীদের সংহতি মিছিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:৪২ এএম

আপত্তিকর মন্তব্যে মধ্যরাতে উত্তাল বুয়েট, ঢাবি শিক্ষার্থীদের সংহতি মিছিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে উত্তেজনায় উত্তাল হয়ে ওঠে এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আপত্তিকর মন্তব্য ও সহপাঠীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে ঘিরে।

রাত ১১টার দিকে আহসানউল্লাহ হল থেকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ছাত্রকল্যাণ পরিদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্র শ্রীশান্ত রায়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী, তার স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন এবং আপত্তিকর কনটেন্ট ছড়িয়েছেন। বিষয়টি অনলাইনে ভাইরাল হলে পুরো ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ঘোষণা দেন, অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তিনি জানান, “বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার সকালে উপাচার্যের সঙ্গে বৈঠক করবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।”

এ বিষয়ে চকবাজার থানার ওসি আশরাফুজ্জামান বলেন, “অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট প্রশাসনের হেফাজতে রয়েছেন। কোনো অভিযোগ বা মামলা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রাতভর চলা এই বিক্ষোভে শিক্ষার্থীরা “শাস্তি চাই”, “ন্যায়বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানান।

ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে রাত পৌনে ২টার দিকে মিছিল বের করেন। তারা ভিসি চত্বর থেকে বুয়েট গেট পর্যন্ত মিছিল করে “We Want Justice” ও “Justice for Students” শ্লোগান দেন।