ক্যাম্পাস

তিন দফা দাবিতে ডাকসুর বিক্ষোভ আজ, রেজিস্ট্রার ভবন ঘেরাওয়ের ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৬ এএম

তিন দফা দাবিতে ডাকসুর বিক্ষোভ আজ, রেজিস্ট্রার ভবন ঘেরাওয়ের ঘোষণা
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে আজ রবিবার (২৬ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার (২৫ অক্টোবর) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সব হলের শিক্ষার্থীদের নিজ নিজ মিছিলসহ নির্ধারিত সময়ে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিন দফা দাবি

১. হল সংসদ ও ডাকসুর অতীতের সব ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে স্বচ্ছ বাজেট উপস্থাপন।

২. নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে টোকাই, ভবঘুরে ও মাদকচক্র নির্মূল এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা।

৩. ২০২৪ সালের ৩ আগস্ট ‘খুনী হাসিনার পক্ষে’ মিছিল পরিচালনাকারী ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ সব ‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ ও বিচারের মুখোমুখি করা।

ডাকসুর নেতারা জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনাই এই আন্দোলনের মূল লক্ষ্য।

ডাকসুর পক্ষ থেকে আরও জানানো হয়, প্রশাসন যদি শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে, তবে পরবর্তী কর্মসূচি আরও কঠোর করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।