ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকার বসা নিষিদ্ধ, জিরো টলারেন্স ঘোষণা প্রশাসনের
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো প্রকার হকার বসতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার (২৬ অক্টোবর) থেকে জিরো টলারেন্স নীতি কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে।
সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আগত হকার ও টোকাই নিয়ে শনিবার যে বিক্ষোভ হয়েছিল, তাতে জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করে আজকের মধ্যে শোকজ করা হবে।
গত চারদিন ধরে ডাকসু প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে ক্যাম্পাসে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় রাজু ও টিএসসি এলাকায় হকাররা মিছিল করেছে।
ডাকসু প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এ ঘটনার পেছনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাম সংগঠন প্রভাবিত ছিল। অনেক শিক্ষার্থীও এ আন্দোলনে অংশগ্রহণ করেছিল।
শিক্ষার্থীরা দাবি করেছেন, সংশ্লিষ্টদের চিহ্নিত করে শোকজ করার পাশাপাশি ন্যূনতম ছয় মাসের জন্য তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা উচিত।