ক্যাম্পাস
ঢাবির হলে ধূমপানে ৩০০ টাকা জরিমানা, গাঁজা সেবনে বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) হল প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইনসহ অন্য কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
হল প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা-ই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
তারা সকল শিক্ষার্থীকে নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।