ক্যাম্পাস

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত তাসরিফ নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

তাসরিফ তিতুমীর কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ইনকোর্স পরীক্ষায় অংশ নিতে কলেজে প্রবেশ করলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করেন। পরে তাকে ঘিরে ধরার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাকে ধরে কলেজের নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা অভিযোগ করেন, তাসরিফ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার আচরণ ছিল উত্তেজনাকর ও উশৃঙ্খল। শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের ওপর হামলাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন বলে দাবি তাদের। এ কারণেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হয়েছে বলে জানান তারা।

ঘটনার পর কলেজ ক্যাম্পাসে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।