ক্যাম্পাস

চবিতে মদ তৈরির গোপন কারখানা: অভিযানে গ্রেপ্তার ১


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

চবিতে মদ তৈরির গোপন কারখানা: অভিযানে গ্রেপ্তার ১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্রীনহাউস সংলগ্ন একটি কুটির বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লিটার সদ্য প্রস্তুত মদ ও বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ভেতরে চাষাবাদের জন্য ইজারা নেওয়া জমিতে মদ তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টায় পরিচালিত এক অভিযানে প্রায় ৩০-৪০ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জামসহ সুমন চাকমা (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা। 

অবৈধভাবে মদ তৈরি ও বন্য প্রাণী শিকারের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাঁকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

mod 2.jpg
চবিতে গোপনে মদ তৈরি। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, জীববিজ্ঞান অনুষদ এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের ঘন ঘন আনাগোনা ও কয়েকজন শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা সন্দেহের চোখে দেখে। পরে গতকাল সোমবার রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, নিরাপত্তা সুপারভাইজার নুরুদ্দীন ভাইসহ ৭-৮ সদস্যের একটি টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।

প্রক্টরিয়াল বডি জানায়, সুমন তাঁর ঘরের পাশেই মদ তৈরি করতেন। তাঁর ছোট বেড়ার ঘরের পেছনের লম্বা বারান্দাজুড়ে মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম ছিল। পরে ঘর তল্লাশিতে সদ্য প্রস্তুত করা প্রায় ৩০ লিটার চোলাই মদসহ নানান উপকরণ জব্দ করা হয়েছে।

জানতে চাইলে নুরুল হামিদ গণমাধ্যমকে বলেন, সুমন চাকমাকে রাতেই থানায় সোপর্দ করা হয়। ভাড়া নেওয়া জমিতে অবৈধভাবে মদের ব্যবসা ও অনুমতি ছাড়া গাছ কাটায় তাঁর ইজারা বাতিল করা হবে এবং তাঁকে জরিমানাও করা হবে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, সুমন চাকমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। তাঁকে আপাতত হাটহাজারী থানা হেফাজতে রাখা হয়েছে।