ক্যাম্পাস

হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার
ছবি: সংগৃহীত

হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে শিক্ষার্থী নাবিলকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে গত ৩০ জুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে এবং একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে নাবিলকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হলে তা ডিসিপ্লিনারি বোর্ড অনুমোদন করে সিন্ডিকেটে পাঠায়। পরে সিন্ডিকেট সভায় সেই সুপারিশ চূড়ান্তভাবে গৃহীত হয়।

ঘটনার সূত্রপাত হয় গত ২৮ জুন, নাবিলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যসহ একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়লে। বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে প্রচারিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী আচরণে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।