ক্যাম্পাস

মহানবীকে নিয়ে কটূক্তি: তিতুমীর কলেজ শিক্ষার্থী ২ দিনের রিমান্ডে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

মহানবীকে নিয়ে কটূক্তি: তিতুমীর কলেজ শিক্ষার্থী ২ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র বর্মণকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ নভেম্বর 'ফারিয়া আক্তার' নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়। এই আইডির ব্যবহারকারী হিসেবে বিশ্বজিৎকে শনাক্ত করে একই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ সাব্বির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগের পর ২৬ নভেম্বর তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী বিশ্বজিৎকে মারধরের পর পুলিশের কাছে তুলে দেন।

আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী গুলজার হোসেন দাবি করেন, এটি প্রেমঘটিত বিষয় নিয়ে আসামির সঙ্গে বিরোধের জেরে করা একটি মিথ্যা মামলা। তিনি বলেন, বিশ্বজিৎ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং যেহেতু তাঁর মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে, তাই নতুন করে রিমান্ডের প্রয়োজন নেই। 

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, "গত ছয় মাসে ধর্ম অবমাননার যে ঘটনা ঘটেছে, গত ১৫ বছরেও তা ঘটেনি," এবং এসব ঘটনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য ঘটানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।