ক্যাম্পাস
ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার গভীর রাতে হলের সামনে নতুন নামসংবলিত একটি ব্যানার টাঙানো হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি ওঠে, যেখানে অনেক শিক্ষার্থী সমর্থন জানান।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও উত্থাপন করেন।
মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ এক প্রতিক্রিয়ায় বলেন, হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে প্রশাসনিক জটিলতা ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগোয়নি। তিনি বলেন, “হাদী ভাইয়ের মৃত্যু আমাদের মধ্যে গভীর অনুশোচনার জন্ম দিয়েছে। সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহীদ শরিফ ওসমান হাদীর নামে ঘোষণা করেছি।”
হল সংসদের সহ-সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহী বলেন, বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হল রাখা উচিত নয় বলে তারা মনে করেন। শিক্ষার্থীদের আবেগ ও অবস্থান থেকেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে।
তবে হলের নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।