ক্যাম্পাস
শহীদ ওসমান হাদির নামে সন্তানের নাম রাখলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম তার সন্তানের নাম রেখেছেন শহীদ শরীফ ওসমান হাদির নামে। তাওসিফ শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে এই খবর শেয়ার করেছেন। পোস্টে হাদির সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট এবং সন্তানের ছবি যুক্ত ছিল।
তাওসিফ গণমাধ্যমকে বলেন, “ওসমান হাদি ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল। ৫ ডিসেম্বর আমি ভাইয়ের কাছে সন্তানের জন্য একটি ভালো নাম জানতে চেয়েছিলাম। হয়ত ব্যস্ততার কারণে তখন তিনি নাম সাজেস্ট করতে পারেননি।”
তিনি আরও বলেন, “হাদি ভাই পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন। তিনি সব সময় দেশের জন্য শহীদ হতে চেয়েছিলেন। তার প্রতি সম্মান ও ভালোবাসার প্রতিফলন হিসেবে আমার সন্তানের নাম রাখা হয়েছে মাহতিম ওসমান হাদি।” এর আগে সন্তানের নাম ছিল তাশরিফুল মাহতিন আয়ান, যা পরবর্তীতে পরিবর্তন করা হয়।
শরীফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র–জনতা অভ্যুত্থানের একজন প্রধান নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
তাওসিফুল ইসলাম বলেন, “হাদি ভাইয়ের আদর্শ ও সাহস আমাদের প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। তার নাম আমার সন্তানের সঙ্গে যুক্ত করে সেই বার্তা বহন করব।”