ক্যাম্পাস
ঢাবির মধুর ক্যান্টিনে ভাঙচুর, শিক্ষার্থীদের হাতে আটক ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক ব্যক্তি হঠাৎ ক্যান্টিনে প্রবেশ করে চেয়ার-টেবিল ও একটি ছাত্রসংগঠনের ব্যানার ভাঙচুর করেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।
সরেজমিনে দেখা যায়, মধুর ক্যান্টিনের ভেতরে অন্তত চারটি টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশাপাশি ক্যান্টিন এলাকায় টাঙানো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি ব্যানারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ক্যান্টিনজুড়ে ভাঙচুরের চিহ্ন দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের সময় ক্যান্টিনে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ব্যক্তিকে তাদের গাড়িতে করে নিয়ে যায়।
মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরে কর্মচারীদের কাছ থেকে ভাঙচুরের বিষয়টি জানতে পারেন। তার ভাষ্য অনুযায়ী, প্রক্টরিয়াল টিম ওই ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, প্রক্টরিয়াল টিম ওই ব্যক্তিকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে।