ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়, যা বিকাল ৩টা পর্যন্ত চলবে।

এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হলে ছয়টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে সোমবার রাতে সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এরপরই ডিজিটাল পদ্ধতিতে ফল গণনা শুরু হবে।

উল্লেখ্য, জকসু ও হল সংসদ নির্বাচন এর আগে দুই দফা পেছানো হয়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও ভোটের দিন ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আরেকটি জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজ ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।