ক্যাম্পাস
জকসু নির্বাচনে বহিরাগত সন্দেহে দুজন আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বহিরাগত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিচয় যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়ায় দায়িত্বরত স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে প্রাথমিক যাচাই শেষে দুইজনকেই আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও ক্যাম্পাসে প্রবেশের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তারা বহিরাগত হিসেবে শনাক্ত হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন আরও জানায়, এ ঘটনায় ভোটগ্রহণ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।