ক্যাম্পাস
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদসহ শিবিরের সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৮টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)-এই শীর্ষ তিন পদেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ নিরঙ্কুশ জয় পেয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১২টার কিছু আগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে জকসু নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী, ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল, যা এবারের নির্বাচনে তাদের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
সভাপতি (ভিপি) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের প্রার্থী আব্দুল আলীম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে জয়ী হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৩ হাজার ৯৮৪ ভোট।
এছাড়া সম্পাদকীয় বিভিন্ন পদেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী (৫ হাজার ৪০০ ভোট), শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল (৫ হাজার ৫২৪ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন (৪ হাজার ৪৮৬ ভোট), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ (৪ হাজার ৪৭০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক (৪ হাজার ৬৫৪ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার (৪ হাজার ৪০১ ভোট), ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম (২ হাজার ৪৬৭ ভোট) এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (৩ হাজার ৪৮৬ ভোট) জয়ী হয়েছেন।
অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেল তিনটি সম্পাদকীয় পদে জয় পেয়েছে। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া (৫ হাজার ৩৮৫ ভোট), পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন (৪ হাজার ২৩ ভোট) এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব (৪ হাজার ৬৯৮ ভোট) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফাতেমা আক্তার (অওরিন), যিনি পেয়েছেন ৩ হাজার ৮৫১ ভোট। একই প্যানেলের আকিব হাসান (৩ হাজার ৫৮৮), শান্তা আক্তার (৩ হাজার ৫৫৪), জাহিদ হাসান (৩ হাজার ১২৪) ও মো. আব্দুল্লাহ আল ফারুক (২ হাজার ৯১৭ ভোট) জয়ী হয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন মোহাম্মদ সাদমান আমিন (৩ হাজার ৩০৭ ভোট) ও ইমরান হাসান ইমন (২ হাজার ৬৩৬ ভোট)।
জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, এর মধ্যে ৩৮টি কেন্দ্রে জকসু এবং একটি কেন্দ্রে হল সংসদ নির্বাচন হয়। নির্ধারিত সময় পার হলেও কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি থাকায় তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৫ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৬৫ জন। এ নির্বাচনে চারটি প্যানেল ও একাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।