ক্যাম্পাস

আবারও পেছাল ব্রাকসু নির্বাচন, নতুন তারিখ ২৫ ফেব্রুয়ারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম

আবারও পেছাল ব্রাকসু নির্বাচন, নতুন তারিখ ২৫ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন আবারও পেছানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে অনুষ্ঠিত দীর্ঘ এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টায় শুরু হওয়া সভাটি প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এবং রাত ৯টার দিকে শেষ হয়। সভায় ব্রাকসু নির্বাচনকে ঘিরে চলমান সংকট, নির্বাচন কমিশনের কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বারবার প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনী তফসিল পরিবর্তন এবং নির্বাচন কমিশনকে ঘিরে সৃষ্ট জটিলতার কারণে নির্বাচনী কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। এই প্রেক্ষাপটেই জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, নির্বাচন কমিশনারবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি এবং ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র সমন্বয়কসহ সংশ্লিষ্ট সব পক্ষ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনী কার্যক্রম সচল রাখার স্বার্থে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিককে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করে তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানান, বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী সিন্ডিকেট সভা ছাড়া নতুন কাউকে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। সে কারণেই আপাতত ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, সোমবার নির্বাচন কমিশনাররা বৈঠকে বসে ভোটার তালিকা নিয়ে উত্থাপিত আপত্তিগুলো নিষ্পত্তি করবেন এবং এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নতুন করে নির্বাচনী তফসিল পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সর্বশেষ ঘোষিত তফসিল অনুযায়ী চলতি জানুয়ারি মাসের ২১ তারিখ ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের পর তফসিল ঘোষিত থাকলেও বাস্তবে নির্বাচনী কার্যক্রম অচল হয়ে পড়ে। একাধিকবার সময়সূচি পরিবর্তনের পর এবার নতুন তারিখ নির্ধারণ করায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে।