ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯২.৭১ শতাংশই ফেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (বি ইউনিট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৯২.৭১ শতাংশই উত্তীর্ণ হতে পারেনি। অর্থাৎ পাসের হার মাত্র ৭.২৯ শতাংশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন মোট ৭ হাজার ৫৫৩ জন।
উত্তীর্ণদের মধ্যে মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন শিক্ষার্থী রয়েছেন। গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মানবিক শাখায় প্রথম হয়েছেন মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখায় রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখায় প্রথম স্থান অধিকার করেছেন মো. আবির আহমেদ রোহান।
ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ পাওয়া যাবে। এছাড়া গ্রামীণফোন, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে DU ALS <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন। কোটাভিত্তিক আবেদনকারীদের ১ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে কোটার ফরম সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
এদিকে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ২১ থেকে ২৭ জানুয়ারির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন।