ক্যাম্পাস

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান
অধ্যাপক নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

ঢাবি উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য মহোদয় রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে অধ্যাপক নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে নির্বাচনের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি অনেকটাই কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তার ভাষায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি ভালো পর্যায়ে পৌঁছানো হয়েছে এবং এ সময় তিনি সরে দাঁড়াতে চান।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন হঠাৎ কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে-সে বিষয়টি বিবেচনায় রেখে সরকার ও অংশীজনেরা চাইলে তিনি কিছু সময় দায়িত্বে থাকার বিষয়টি ভাবতে রাজি আছেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান আরও উল্লেখ করেন, রাজনৈতিক সরকার যেন তাদের মতো করে প্রশাসন সাজাতে পারে, সে কারণেই তিনি সরে দাঁড়াতে চান। প্রয়োজনে সরকারকে সহযোগিতা করতে তিনি সবসময় প্রস্তুত বলেও জানান। পাশাপাশি দ্রুত ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে শিক্ষকতার মূল দায়িত্বে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেন তিনি।