ক্যাম্পাস
টিএসসিতে দুই নারীকে হেনস্তা, ঢাবির তিন শিক্ষার্থী ছয় মাসের জন্য বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই তরুণী ও এক তরুণকে মারধর ও হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীসহ চারজনকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের ছয় মাসের জন্য বহিষ্কার করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সেহরির সময় টিএসসি এলাকায় চার তরুণ-তরুণী হেনস্তার শিকার হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক তরুণ হাতে বাঁশ নিয়ে এক তরুণীকে লাথি দেওয়ার চেষ্টা করছেন।