ক্যাম্পাস
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডাকসুর ২৮ সদস্যের মাত্র তিনজন শ্রদ্ধা নিবেদন করেন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কমিটির উপস্থিতি তেমন চোখে পড়েনি। ২০২৫-২৬ মেয়াদের ২৮ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে মাত্র তিনজন প্রতিনিধিই সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার ডাকসুর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। তবে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদকসহ ২৫ জন গুরুত্বপূর্ণ সদস্য অনুপস্থিত ছিলেন।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানিয়েছেন, বেশির ভাগ সদস্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে বা ঈদের দীর্ঘ ছুটিতে ঢাকার বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। সহ-সভাপতি সাদিক কায়েম বর্তমানে ওমরাহ পালন করতে সৌদি আরবে রয়েছেন। ফরহাদ নিজে সময়মতো বের হলেও তীব্র যানজটের কারণে অনুষ্ঠান মিস করেন। তিনি জানান, ওই এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে রাস্তাগুলো বন্ধ ছিল, যা তার পৌঁছানোয় ব্যাঘাত সৃষ্টি করে। যানজটের কারণে তিনি স্বাধীনতা দিবসের আরও তিনটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম মিস করেছেন, যার মধ্যে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজন করা র্যালি।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিতি কম হলেও ডাকসু সামাজিক যোগাযোগমাধ্যমে গণহত্যা দিবস এবং স্বাধীনতা দিবসের ফটো কার্ড প্রকাশ করেছে। এছাড়া তারা স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে ‘জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা’ এবং সাংস্কৃতিক আয়োজনের ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের সংগীত, আবৃত্তি ও সৃজনশীল অংশগ্রহণের জন্য নিবন্ধন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কার্যক্রমের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার চেতনা জাগানো এবং সমসাময়িক জাতীয় ইস্যুতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।