ক্যাম্পাস
বিইউপিতে এসি মেরামতের সময় আগুনে দগ্ধ ৪
মিরপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালশের (বিইউপি) একাডেমিক ভবনে এসি মেরামতের সময় শর্টসার্কিট থেকে আগুন গেলে দগ্ধ হয়েছেন ৪ টেকনিশিয়ান। দগ্ধরা হলেন মো. আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), মো. রাসেল (৪৫) ও সুজন (৩১)।
আজ বুধবার (০৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী ওমর ফারুক বলেন, ‘আজ দুপুর পৌনে ১টার দিকে মিরপুর-১২ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হয়। পরে আমরা চারজনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর এলাকা থেকে এসি বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হলে তাদের বান ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। ড্রেসিং সম্পূর্ণ হলে দগ্ধের পরিমাণ জানা যাবে।