ক্যাম্পাস

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বিধিনিষেধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বিধিনিষেধ
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলা নববর্ষের দিনকে সামনে রেখে সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই ক্যাম্পাসে প্রবেশ ও যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১০টা থেকে ক্যাম্পাসের প্রধান পাঁচটি প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল—সাধারণের জন্য বন্ধ রাখা হবে। তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ খুলে দেওয়া হবে। অন্যদিকে দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল গেট দুপুর ১২টার পর থেকে উন্মুক্ত করা হবে।

এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন শুধুমাত্র নীলক্ষেত ও উদয়ন স্কুল সংলগ্ন গেট দিয়ে প্রবেশের অনুমতি পাবে।

প্রশাসন জানিয়েছে, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন এই সময়ের মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। অ্যাম্বুলেন্স, চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

নববর্ষের দিন বিকাল ৫টা থেকে আবারও সাধারণের জন্য ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে। তবে যারা আগে থেকেই ভেতরে থাকবেন, তারা বের হতে পারবেন। এ বিধিনিষেধ ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে।