ক্যাম্পাস
ডাকসু নেতার ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাকে ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেন, মো. আলাউদ্দিন নামে এক ছাত্রদল নেতা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন।
বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
ঘটনার বর্ণনায় মুসাদ্দিক জানান, দুপুর আনুমানিক ১টা ২৫ থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে তিনি কলা ভবনের পেছনের ফটক দিয়ে ক্লাসে যাওয়ার সময় আলাউদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তিনি তাদের পরিচয় জানতে চাইলে আলাউদ্দিন উত্তেজিত হয়ে ওঠেন।
তার ভাষ্য অনুযায়ী, আলাউদ্দিন তাকে উদ্দেশ করে বলেন, “তুই আমাকে চিনতে পারতেছিস না?”—এরপরই তিনি অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং ‘তোর দাঁত থাকবে না’ বলে হুমকি দেন।
মুসাদ্দিক আরও দাবি করেন, এক পর্যায়ে আলাউদ্দিন তাকে মারতে উদ্যত হন। তার সঙ্গে থাকা ব্যক্তিরা পরিস্থিতি সামাল দিলেও তিনি বারবার তেড়ে আসেন এবং যাওয়ার সময়ও হুমকি দিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন বলেন, তিনি শুধু নিজের বিরুদ্ধে ছড়ানো কথার জবাব জানতে চেয়েছেন। তার দাবি, “আমি তাকে বলেছি, আমার নামে যে মিথ্যা প্রচার করা হয়েছে, তার ব্যাখ্যা দিতে। এতে অন্যায় কোথায়?”
জানা গেছে, মো. আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে তার পড়াশোনায় বিরতি পড়ে। পরে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হন এবং ২০২৩-২৪ সেশনে দ্বিতীয়বারের মতো আবার ভর্তি হন।