ক্যাম্পাস
ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে হলে আমার লাশের ওপর দিয়ে আনতে হবে: মুসাদ্দিক
রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সহিংসতার মধ্যেই আহত হন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
ঘটনার একপর্যায়ে তিনি শাহবাগ থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলার অভিযোগ ওঠে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুসাদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তার পোস্টে তিনি লেখেন, “আমরা লড়াই করব, আমরাই জিতব, ইনশাআল্লাহ।” পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, “ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে হলে আমার লাশের উপর দিয়ে আনতে হবে।”
তার পোস্টে একটি কবিতার অংশও যুক্ত করা হয়, যেখানে সংগ্রাম, প্রতিরোধ এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এই সংঘর্ষের পেছনে একটি বিকৃত ফটোকার্ড ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ওই ফটোকার্ডটি ছড়ানো হয়, যা ঘিরেই দুই পক্ষ মুখোমুখি অবস্থানে যায়।
সংঘর্ষে মুসাদ্দিক ছাড়াও ডাকসুর আরও একজন নেতা এবং কয়েকজন সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।