ক্যাম্পাস
ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক-শিক্ষার্থী পুলিশের হেফাজতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী মুনিরা মাহজাবিন মিমো আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বিভাগটির চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা এবং এক শিক্ষার্থী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। বাড্ডায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বাবা-মায়ের সঙ্গে সেখানেই বসবাস করতেন।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, ছাত্রীর মোবাইল ফোনে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন হিসেবে বিভাগের এক শিক্ষক ও তার ঘনিষ্ঠ এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। তিনি আরও বলেন, একটি চিরকুটে এক শিক্ষকের নাম উল্লেখ ছিল বলে জানা গেছে।
তিনি বলেন, সকালে ঘটনার খবর পেয়ে বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে যান। পরবর্তীতে বিষয়টি পুলিশের অধীনে চলে যায়। পুরো ঘটনার বিস্তারিত এখনো স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।
শাহবাগ থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত ডিউটি অফিসার জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত থাকলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।