ক্যাম্পাস

ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
ড. সুদীপ চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিভাগীয় চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪ সেশনের এমএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মিমোর মৃত্যুকে কেন্দ্র করে বিভাগ গভীরভাবে শোকাহত।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর ড. সুদীপ চক্রবর্তীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো ক্লাস, পরীক্ষা বা প্রশাসনিক দায়িত্বে থাকবেন না।

এদিকে, মিমোর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার শিক্ষক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

বাড্ডা থানা পুলিশ তাঁকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন জানায়। তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জেলহাজতে রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তাঁর জামিন চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (২৬ এপ্রিল) রাজধানীর উত্তর বাড্ডার নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ, যেখানে ব্যক্তিগত ও আর্থিক বিষয় উল্লেখ ছিল।

ঘটনার পর নিহতের বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে ড. সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মামলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কিছু তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।