ক্যাম্পাস

দুই মাস পর কারামুক্ত হলেন ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার হওয়া ইমি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:১৫ পিএম

দুই মাস পর কারামুক্ত হলেন ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার হওয়া ইমি
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনায় গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ (ইমি) অবশেষে কারামুক্ত হয়েছেন। প্রায় দুই মাস কারাবন্দি থাকার পর বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনে তিনি মুক্তি পান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার-এর জেলার শিরিন আক্তার জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইমিকে মুক্তি দেওয়া হয়।

ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল। এর আগে তার জামিন আবেদন একবার নামঞ্জুর হলেও গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

তার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি, পাশে থাকা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ৭ মার্চ রাতে। সেদিন রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ভাষণ প্রচারের কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন।

রিকশায় মাইক লাগিয়ে ভাষণ প্রচারের সময় একদল শিক্ষার্থী বাধা দেয়। এ সময় এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

পরে শেখ তাসনিম আফরোজ ও আবদুল্লাহ আল মামুনকে রিকশাসহ থানার ভেতরে নেওয়া হয়। এ সময় থানার ভেতরে আবদুল্লাহ আল মামুনকে মারধরের অভিযোগও ওঠে।

পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই মামলায় আসিফ আহমেদ সৈকতসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে ইমিকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

পরে আইনজীবী নোমান হোসাইন গণমাধ্যমকে বলেন, “৭ মার্চের ভাষণ কোনো দলীয় স্লোগান নয় কিংবা নিষিদ্ধ কিছু নয়। ইমির বিরুদ্ধে আনা অভিযোগের সারবত্তা নেই। তিনি একজন নারী এবং ৫৩ দিন ধরে কারাগারে ছিলেন—এসব বিষয় বিবেচনায় জামিন আবেদন করা হয়েছিল।”