ক্যাম্পাস

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:০৬ পিএম

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া জানান, শিক্ষকতা জীবনের শুরু থেকেই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও তিনি কখনো প্রশাসনিক পদে কাজ করার কথা ভাবেননি বলে উল্লেখ করেন।

তিনি জানান, ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর সহকারী প্রক্টরের দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন। পোস্টে তিনি লেখেন, এত বড় দায়িত্ব পাওয়ার বিষয়টি তাকে বিস্মিত করেছিল, কারণ সাধারণত এ ধরনের দায়িত্ব জ্যেষ্ঠ শিক্ষকদের দেওয়া হয়।

সাবেক প্রক্টরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের কাছ থেকে ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পাশে থাকার বিষয়ে অনেক কিছু শিখেছেন।

জুলাই আন্দোলনের পরবর্তী সময়কে “অভূতপূর্ব অভিজ্ঞতা” হিসেবে উল্লেখ করে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, তার ধারণা অনুযায়ী এমন পরিস্থিতির মুখোমুখি আগে কোনো প্রক্টর টিমকে হতে হয়নি।

পোস্টের শেষাংশে তিনি নতুন প্রক্টর ও তার টিমের প্রতি শুভকামনা জানান এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।