ক্যাম্পাস

ঢাবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৪২ পিএম

ঢাবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ 
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে তার যাত্রাপথের স্থান বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  

আজ সোমবার (১১ মে) দুপুরে বৃক্ষরোপণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। 
 
বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে আগামীকাল মঙ্গলবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। এ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত। সেজন্যই ছাত্রদল নেতারা পিজি হাসপাতালের সম্মুখে শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত ডিভাইডার দিয়ে এ ঔষধি বৃক্ষরোপণের আয়োজন করেছে। ছাত্রদল যে মেধাবীদের সংগঠন; তা এ কর্মসূচির মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত হলো।

 এ সময় ডা. আওয়াল আরও বলেন, ছাত্রদল বৃক্ষরোপণ করে আর জামায়াত-শিবির সংসদ ও অনলাইনে বট বাহিনীর মাধ্যমে বিষবৃক্ষ রোপণ করে। জাতীয় সংসদ নির্বাচনে হেরে তারা পাগলের প্রলাপ বকছে। তাদের এখন ঘুম হয় না। এজন্য তাদের অনুরোধ করব আমাদের আজকে লাগানো ঔষধি বৃক্ষের মধ্যে কিছু বৃক্ষ আছে ঘুমের জন্য উপকারী। এ উপকারী বৃক্ষগুলো আমরা লাগিয়ে দিয়ে যাব। আমাদের বলার প্রয়োজন নেই; তারা গুপ্তভাবে হলেও এ বৃক্ষগুলোর পাতা বা বাকল নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন। তাতে তাদের ঘুমের উপকার হবে এবং প্রলাপ কম বকবেন।

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (শসোমেক) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, ড্যাব নেতা ডা. ওয়ারা সালেহ সিফাত, ডা. নিশাত সুলতানা মুন্নী, ডা. মাহবুব, ডা. প্রিন্স, যশোর মেডিকেল ছাত্রদলের সাবেক সিনিয়ার সহসভাপতি ডা. মোর্শেদা আক্তার ঝর্না,  ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মুস্তাকীম কবীরসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতা কর্মীরা।