ক্যাম্পাস

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান, উধাও ছাত্রদল নেতা


ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:০১ পিএম

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান, উধাও ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

গোপনে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করার পর স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। স্বামীর স্বীকৃতির দাবিতে উপায়ান্তর না দেখে কলেজ ক্যাম্পাসে দিনভর অবস্থান নিয়েছেন ভুক্তভোগী এক তরুণী। এদিকে, বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত মো. পারভেজকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ভুক্তভোগী তরুণীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর রাজধানীর ঘাটারচর এলাকায় তারা দীর্ঘদিন একসঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। পরবর্তীতে বিভিন্ন শর্তে চলতি বছরের মার্চ মাসে তারা বিয়ে করেন। তবে বর্তমানে পারভেজ বিয়ের বিষয়টি অস্বীকার করছেন এবং সব ধরনের যোগাযোগ এড়িয়ে চলছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা থেকে ঢাকা কলেজের ফরহাদ হোসেন হলের সামনে ওই তরুণীকে অবস্থান করতে দেখা যায়। অভিযুক্ত পারভেজ ওই হলের আবাসিক ছাত্র।

তরুণীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে অবস্থান করছিলেন।

ভুক্তভোগী তরুণী জানান, দুই দিন আগে ঠাকুরগাঁও থেকে তিনি স্বামী পারভেজের খোঁজে ঢাকায় এসেছেন। শহরে কাউকে না চেনায় তিনি একটি হাসপাতালের বারান্দায় রাত কাটান। পরে সকালে কষ্ট করে ঢাকা কলেজে এসে তার স্বামীর খোঁজ করেন।

তিনি অভিযোগ করেন, তাদের মধ্যে বিয়ে হয়েছে, কিন্তু এখন পারভেজ তা অস্বীকার করছেন। যোগাযোগের চেষ্টা করলে কখনো বলেন তিনি ঢাকার বাইরে, আবার কখনো সিলেট বা সুনামগঞ্জে থাকার কথা জানান। পরে সব ধরনের যোগাযোগ বন্ধ করে তার নম্বর ব্লক করে দেন।

জানা গেছে, অভিযুক্ত পারভেজ ঢাকা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী এবং ফরহাদ হোসেন হলের আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে।

এ বিষয়ে পারভেজের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।