ক্যাম্পাস
জাতীয় সংসদ অধিবেশন দেখতে গেলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ৪৫ শিক্ষার্থী
আইনশিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৫ জন শিক্ষার্থী ও চারজন ফ্যাকাল্টি সদস্য বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টা থেকে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত থেকে সংসদীয় কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন শিক্ষার্থীরা। এ সময় অধিবেশনে প্রধানমন্ত্রীসহ অধিকাংশ সংসদ সদস্য ও মন্ত্রী উপস্থিত ছিলেন।
সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার মাধ্যমে শিক্ষার্থীরা সংসদীয় কার্যপ্রণালি, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোয় জাতীয় সংসদের ভূমিকা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। শ্রেণিকক্ষে সংবিধান, আইন প্রণয়ন ও সংসদীয় কার্যপ্রণালি সম্পর্কে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে সরাসরি বাস্তব কার্যক্রমের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ পাওয়ায় এ অভিজ্ঞতা আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শনেরও সুযোগ পান। এর মাধ্যমে সংসদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম, আইন প্রণয়নসংক্রান্ত বিভিন্ন নথি ও গবেষণার পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা আরও সমৃদ্ধ হয়।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।
সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ করে দেওয়া, সংসদ ভবন পরিদর্শনে সহযোগিতা এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টরা মনে করেন, আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেছেন, যা তাদের ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শন তাই শুধু একটি শিক্ষা সফর নয়; বরং আইন, সংবিধান, সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাছ থেকে জানার একটি তাৎপর্যপূর্ণ শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।