ক্যাম্পাস

ঢাকা-রাজশাহীসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

ঢাকা-রাজশাহীসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষার তারিখ জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন চলবে ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি। ওই দিন ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। ৯ জানুয়ারি ‘সি’ এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। এবার সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি। এরপর ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি যথাক্রমে ‘ই’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৫ নভেম্বর এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি। বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন গ্রহণ করা হবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ৮ জানুয়ারি। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর।

তবে এসব সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। তাই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বিজ্ঞপ্তি ও সরকারি নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।