ক্যারিয়ার

বাংলাদেশ পুলিশে এএসআই পদে সরাসরি নিয়োগ, যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

বাংলাদেশ পুলিশে এএসআই পদে সরাসরি নিয়োগ, যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি ২ হাজার পদে কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হবে। প্রথমবারের মতো এএসআই পদে সরাসরি নিয়োগের বিধান করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এএসআই পদে নিয়োগের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। জাতীয় নির্বাচনের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চার হাজার এএসআই পদ সৃষ্টির প্রস্তাব শিগগিরই প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে তোলা হবে। এর আগে প্রস্তাবে গত জুলাই মাসের শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আগস্টে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে। চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুলিশ সদরদপ্তর।

প্রস্তাব অনুযায়ী, নতুন এই ৪ হাজার এএসআই নিয়োগ হলে পুলিশ বাহিনীর বার্ষিক ব্যয় ১৩৫ কোটি ৭১ লাখ ৯৩ হাজার টাকা বাড়বে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, অনলাইনে জিডি, মামলা দায়ের ও তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা থানায় না গিয়েই অনলাইনে অভিযোগ দায়ের বা জিডি করতে পারবেন। এজন্য আইন প্রয়োগ, তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষ জনবল অপরিহার্য।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, “অনলাইনে জিডি ও তদন্ত কার্যক্রম অগ্রাধিকার পাবে। তাই নতুন নিয়োগপ্রাপ্তদের অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। যদি যোগ্য ও দক্ষ ব্যক্তিদের স্বচ্ছভাবে নিয়োগ দেয়া হয়, তবে পুলিশ বাহিনীতে আমূল পরিবর্তন আসবে।”

পুলিশ সদরদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন জানান, “অর্থ বিভাগ ৪ হাজার এএসআই পদের জন্য সম্মতি দিয়েছে। সচিব কমিটির অনুমোদন পেলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য অনু বিভাগ) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “আমাদের কাছে আসা প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রথমবারের মতো এএসআই পদে সরাসরি নিয়োগ হবে। এজন্য নিয়োগবিধি সংশোধন করা হচ্ছে।”