ক্যারিয়ার
৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা রয়েছে ৩ হাজার ৪৮৭টি। এছাড়া নন-ক্যাডারে আরও ২০১টি পদ রয়েছে। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট নিয়োগ দেওয়া হবে ৩ হাজার ৬৮৮ জনকে। এবারের বিসিএসে নতুন কয়েকটি পদও সংযোজন করা হয়েছে বলে পিএসসি জানিয়েছে।
উল্লেখ্য, ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ হয়েছিল আরও দ্রুত সময়ে। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় মাত্র ১৩ দিনের ব্যবধানে, অর্থাৎ ৯ মে।
এবারের ফলাফলে উত্তীর্ণ প্রার্থীরা এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন।