ক্যারিয়ার

প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ, আবেদন শুরু আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ, আবেদন শুরু আজ
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আজ শনিবার (৮ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

ডিপিই সূত্রে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় গত বুধবার (৫ নভেম্বর)। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে টেলিটকের ওয়েবসাইটে — http://dpe.teletalk.com.bd। সেখানে আবেদন ফরম পূরণের বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে। প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে অনলাইন ফি জমা দিতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয়েছে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে, যেখানে প্রাথমিক বেতন ১১,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ২৬,৫৯০ টাকা পর্যন্ত।

প্রার্থীর যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ অথবা ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে তরুণদের কাছে অন্যতম জনপ্রিয় সরকারি চাকরির সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এবারও দেশজুড়ে হাজার হাজার প্রার্থী এই নিয়োগে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।