অপরাধ

৩৪ কোটি টাকা পাচার: বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের এমডি গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম

৩৪ কোটি টাকা পাচার: বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের এমডি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বিদেশে প্রায় ৩৪ কোটি টাকা পাচার করার অভিযোগে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র, বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, জনতা ব্যাংকের দিলকুশা শাখা থেকে এলসি গ্রহণ করে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অটাম লুপ অ্যাপারেলস নামের প্রতিষ্ঠানটি পণ্য রপ্তানি করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী রপ্তানির চার মাসের মধ্যে অর্থ দেশে ফেরত আনার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি তা না করে বিদেশে অর্থ পাচার করেছে।

তদন্তে আরও বেরিয়ে এসেছে, প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে রপ্তানিমূল্য ফেরত না এনে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী অর্থপাচারের সঙ্গে জড়িত। প্রতিষ্ঠানটির এমডি ও শেয়ারহোল্ডার ওয়াসিউর রহমানের নেতৃত্বে পরিকল্পিতভাবে বিদেশে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানির মাধ্যমে টাকা পাচার করা হয়।

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর মতিঝিল থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১২), যা বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে তদন্তাধীন।

গ্রেপ্তারের পর ওয়াসিউর রহমানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। পাশাপাশি, তিনি ও তার সহযোগীরা বিদেশে কোনো অবৈধ সম্পদ গড়েছেন কি না, সে বিষয়ে গভীর অনুসন্ধান চলছে।

এ ছাড়া, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। অভিযোগ রয়েছে, তিনি আত্মীয়স্বজনদের নামে একাধিক প্রতিষ্ঠান খুলে বিদেশে অর্থ পাচারে সহায়তা করেছেন তা যাচাই করছে সিআইডি।