অপরাধ
ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার
বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে অশালীন স্লোগান দিয়ে আলোচনায় আসা ফারজানা তমা এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার জসিম উদ্দিন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানায় করা মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ফারজানা তমা ও তার সহযোগীরা এক পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী পরিবারের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটের দিকে ফারজানা তমা, এইচএম ওসমান রেজা, তানজীল এবং আরও কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করেন।
তারা নিজেদের 'সমন্বয়ক' পরিচয়ে একটি পুরনো মামলায় আপস করিয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা কষ্ট করে ৫ লাখ ৫০ হাজার টাকা তুলে দিলেও বাকি টাকা দ্রুত দিতে চাপ দেওয়া হয় এবং না দিলে 'ভয়ানক পরিণতির' হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ বিমানবন্দর থানার সামনে থেকে প্রথমে ওসমান রেজাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তানজিল ও ফারজানা তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রেপ্তার হওয়া ফারজানা তমাই সেই নারী, যিনি সম্প্রতি ঢাকার সেগুনবাগিচায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে তাকে উদ্দেশ্য করে গালাগালসহ নানা উসকানিমূলক স্লোগান দিয়েছিলেন। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।