অপরাধ

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগ সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে দলীয় মিছিল-মিটিংয়ে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রিয়াজ উদ্দিন (৪৯) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)।

ডিএমপি সূত্রে জানানো হয়েছে, সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা থেকে এখলাস মিয়াকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় আদাবর এলাকা থেকে মো. জিয়াউর রহমানকে আটক করে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

এরআগে সোমবার রাত ১১টার দিকে শ্যামপুর থানাধীন পোস্তাগোলা এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। এছাড়া একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ডিবি মতিঝিল বিভাগের সদস্যরা জুয়েল আহাম্মেদ রনি, মো. রিয়াজ উদ্দিন ও মো. আক্তার হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।