অপরাধ

উত্তরায় ২৮৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম

উত্তরায় ২৮৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
উত্তরায় ২৮৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতের নাম মোছা রুবি আক্তার। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের পূর্ব পাশে বাটা শোরুমের সামনে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের তিনটি দল দ্রুত সেখানে অবস্থান নেয়।

রাত ২টা ৪০ মিনিটের দিকে সেখানে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসের পাশে রুবি আক্তারকে কালো ট্রাভেল ব্যাগ ও প্লাস্টিকের বস্তা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উপস্থিতি টের পেয়ে গাড়ি দুটি দ্রুত পালিয়ে যায়। রুবি আক্তারও পালানোর চেষ্টা করেন, তবে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বামী হারুন সরকারসহ আরও অজ্ঞাত ২-৩ জন পালিয়ে যায়।

পরে রুবি আক্তারের কাছে থাকা ব্যাগ ও পাশে রাখা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১৩২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২৮৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ২৫ হাজার টাকা।

ডিবি সূত্র জানায়, রুবি আক্তার দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের জেলায় বিক্রি করার সঙ্গে যুক্ত ছিল। তার স্বামী হারুন সরকারও এই চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।