অপরাধ
ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা
নরসিংদীর মাধবদী উপজেলায় আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আমেনা আক্তার মাধবদীর বিলপাড় এলাকার আশরাফ হোসেনের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, আশরাফ হোসেন কাজের সুবাদে সেখানে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সৎপিতা আশরাফ হোসেন অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার মেয়েকে কর্মস্থল থেকে ফেরার পথে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মিমাংসা হয়।
তিনি আরও জানান, বুধবার রাতে তিনি মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে বের হলে বড়ইতলা এলাকায় পৌঁছানোর পর অভিযুক্তরা তার কাছ থেকে আমেনাকে জোর করে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সম্ভাব্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।