অর্থনীতি
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক তিনটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের করা চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি জানিয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় বিধিসম্মত কার্যক্রম নিতে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
একইভাবে বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রেও সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদকে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।