অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ, স্বর্ণের নতুন দাম কাল থেকে কার্যকর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ, স্বর্ণের নতুন দাম কাল থেকে কার্যকর
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে যেন আগুন লেগেছে। একের পর এক রেকর্ড ভাঙতে ভাঙতে আবারও ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এই মূল্যবান ধাতু।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ ঘোষণায় জানিয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে স্বর্ণের নতুন দাম, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৪০৯ টাকা, নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৩ টাকা প্রতি ভরি।
১৮ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৩ হাজার ২১৯ টাকা, নতুন দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।

শুধু স্বর্ণ নয়, দাম বেড়েছে রূপারও। নতুন ঘোষণায় ২২ ক্যারেট রূপার প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ৬ হাজার ২০৫ টাকা।

২১ ক্যারেট রূপার দাম বেড়েছে ১ হাজার ১৬৭ টাকা হয়ে ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৩ টাকা হয়ে ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম বেড়ে হয়েছে ৩ হাজার ৮০২ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। এতে করে স্থানীয় ক্রেতাদের জন্য আবারও স্বর্ণ কেনা আরও কঠিন হয়ে পড়ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণের বাজারে এই ধারাবাহিক উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে সামনে আরও এক দফা দাম বাড়ার আশঙ্কা রয়েছে।