অর্থনীতি

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে কমলো যত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পিএম

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে কমলো যত
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৬ টাকা। নতুন এ দাম শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ২৯ অক্টোবর বাজুস ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ৩০ অক্টোবর থেকে। চলতি বছর এ নিয়ে মোট ৭২ বার সোনার দামে সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৪৯ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে।

তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায়। চলতি বছর এখন পর্যন্ত ৯ বার রুপার দামে সমন্বয় হয়েছে, যার মধ্যে বেড়েছে ৬ বার ও কমেছে ৩ বার।