অর্থনীতি
দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি
দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে প্রায় দুই লাখ ২৯ হাজার টাকায়, যা আগের দিন ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটির মতে, তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে, যার কারণে এ মূল্য হ্রাস করা হয়েছে।
নির্ধারিত নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি এখন ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হবে।