অর্থনীতি

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৬ হাজার টাকার বেশি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৩৭ এএম

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৬ হাজার টাকার বেশি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।

এর আগে গত ৬ জুন স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বেড়েছে এবং ৩৫ দফা কমেছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হবে।

চলতি বছরে রুপার দাম ৪৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল, যেখানে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।