অর্থনীতি

এলপিজি গ্রাহকদের সুখবর, ১২ কেজির সিলিন্ডারে কমেছে ১৩ টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

এলপিজি গ্রাহকদের সুখবর, ১২ কেজির সিলিন্ডারে কমেছে ১৩ টাকা
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্তে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় নতুন দাম নির্ধারণ করে কমিশন। এতে ১২ কেজি সিলিন্ডারের খুচরা দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন নির্ধারিত দামে সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হবে ৭২৭ টাকায়। সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির দাম ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।

২৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০৩ টাকা। ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা। আর ৪৫ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।

এদিকে এলপিজির দাম কমলেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি সরকার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়েছে।